উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে

· Prothom Alo

মানুষ আজ ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি শিক্ষিত, বেশি দিন বাঁচছে এবং বেশি প্রযুক্তিনির্ভর। বিজ্ঞান, চিকিৎসা, যোগাযোগ ও অর্থনীতিতে ঘটেছে অভাবনীয় অগ্রগতি। কিন্তু একই সময়ে পৃথিবী যুদ্ধ, গণহত্যা, আগ্রাসন, দুর্নীতি, প্রতারণা, বৈষম্য, পরিবেশ ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনেরও সাক্ষী হচ্ছে।

এসব কর্মকাণ্ডের পেছনে বহু ক্ষেত্রেই রয়েছেন উচ্চশিক্ষিত, দক্ষ ও ক্ষমতাবান মানুষ এবং প্রতিষ্ঠান। অর্থাৎ শিক্ষা, জ্ঞান, সম্পদ ও ক্ষমতা মানুষের সক্ষমতা বাড়ালেও সেই সক্ষমতা মানবকল্যাণে ব্যবহৃত হবে, নাকি অন্যের ক্ষতির কারণ হবে, তার নিশ্চয়তা নেই। তাহলে প্রশ্ন ওঠে, মানুষ কি সত্যিই আগের চেয়ে বেশি মানবিক হয়েছে? একটি সমাজ বা রাষ্ট্রের উন্নয়ন কতটা মানবিক হয়েছে, তা পরিমাপের কোনো সমন্বিত বৈশ্বিক মাপকাঠি কি আমাদের রয়েছে?

Visit tr-sport.bond for more information.

মানব উন্নয়নের ধারণাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংকীর্ণ পরিসর থেকে বের করে আনার ক্ষেত্রে মাহবুব উল হক ও অমর্ত্য সেনের অবদান ঐতিহাসিক। অমর্ত্য সেনের সক্ষমতাভিত্তিক উন্নয়ন ধারণা মানুষের স্বাধীনতা, সক্ষমতা ও জীবনযাপনের সুযোগকে উন্নয়নের কেন্দ্রে নিয়ে আসে। মাহবুব উল হকের নেতৃত্বে ১৯৯০ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি মানব উন্নয়ন সূচক প্রবর্তন করে।

পরিকল্পিত উন্নয়ন এবং স্থানীয় সরকারের অমীমাংসিত বিষয়উন্নয়ন টেকসই করতে প্রবৃদ্ধির গুণগত মান নিশ্চিত করতে হবে

এসব উদ্যোগ আমাদের শিখিয়েছে, উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়; মানুষের জীবনমান ও সক্ষমতার সম্প্রসারণও। তবে মানুষের অর্জিত সক্ষমতা কীভাবে ব্যবহৃত হচ্ছে, তিনি অন্যের মর্যাদা ও অধিকারকে কতটা সম্মান করছেন এবং তাঁর আচরণ পরিবার ও সমাজের জন্য কতটা কল্যাণকর হচ্ছে, তা মানব উন্নয়ন সূচকের মূল পরিমাপের আওতায় নেই। এই ঘাটতি পূরণের সম্ভাব্য নতুন পথ হতে পারে ‘হিউম্যানিটি ইনডেক্স’ বা ‘মনুষ্যত্ব সূচক’।

আন্তর্জাতিক পর্যায়েও এ ধরনের চিন্তার বিকাশ ঘটছে। ২০১৯ সালে যাত্রা শুরু করা হিউম্যানিটি সামিট এবং পরবর্তী সময়ে গড়ে ওঠা হিউম্যানিটি প্যাক্ট অ্যালায়েন্স উন্নয়নকে আরও মানবিক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। ২০২৫ সালে প্রকাশিত তাদের ‘হিউম্যানিটি ইনডেক্স: মেজারিং হোয়াট ট্রুলি ম্যাটার্স’ শীর্ষক গবেষণাপত্রে মানুষের অধিকার, সামগ্রিক কল্যাণ, পরিবেশ, ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ এবং নিজের ও সমাজের ভবিষ্যৎ নির্মাণে মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের সূচক এখনো উন্নয়নাধীন।

আমার প্রস্তাবিত মনুষ্যত্ব সূচক এই আলোচনায় আরও একটি মাত্রা যুক্ত করতে চায়: মানুষ তার অর্জিত শিক্ষা, জ্ঞান, সম্পদ ও ক্ষমতা দিয়ে অন্যের প্রতি কতটা মানবিক আচরণ করছেন এবং সমাজের কল্যাণে কতটা অবদান রাখছেন। এই লেখার উদ্দেশ্য কোনো চূড়ান্ত সূচক হাজির করা নয়, বরং একটি প্রয়োজনীয় বৈশ্বিক আলোচনা শুরু করা।

মনুষ্যত্বের ভিত্তি ও মূল্যায়ন

মনুষ্যত্ব সূচকের উদ্দেশ্য শুধু মানুষের মানবিকতার মাত্রা নির্ধারণ করা নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয় ব্যবস্থায় মনুষ্যত্বের শিক্ষা ও চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। কারণ, মানুষ শুধু ব্যক্তিগত উপলব্ধি থেকে মানবিক হয়ে ওঠেন না; পরিবার, সমাজ, শিক্ষা ও প্রতিষ্ঠানের পরিবেশ থেকেও মানবিকতা শেখেন।

আমার বিবেচনায় মনুষ্যত্বের পাঁচটি মৌলিক ভিত্তি রয়েছে: আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধি, মানুষের মর্যাদা ও সম্মানবোধ, সততা ও নৈতিকতা, সহমর্মিতা ও পরার্থপরতা এবং দায়িত্ববোধ ও সামাজিক ন্যায়বোধ। এগুলোকে মূল্যায়নের জন্য ১০টি ক্ষেত্রে ভাগ করা যেতে পারে: আত্মনিয়ন্ত্রণ, সম্মানবোধ ও মর্যাদা, সততা ও সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা ও করুণা, দায়িত্ববোধ ও জবাবদিহি, নৈতিকতা ও মূল্যবোধ, সহনশীলতা ও ক্ষমাশীলতা, বিনয় ও আত্মসমালোচনা এবং সামাজিক সচেতনতা ও মানবকল্যাণ।

প্রতিটি ক্ষেত্রের অধীন পর্যবেক্ষণযোগ্য আচরণ নির্ধারণ করতে হবে। যেমন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, ব্যক্তিগত স্বার্থের বাইরে অন্যের অধিকারকে গুরুত্ব দেওয়া, ভুল স্বীকার করা, দুর্বল মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করা, ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা এবং অন্যের বিপদে এগিয়ে আসা। প্রাথমিকভাবে প্রতিটি ক্ষেত্রে পাঁচটি করে মোট ৫০টি আচরণভিত্তিক নির্দেশক নির্ধারণ করা যেতে পারে। তবে মূল্যায়নের ভিত্তি হবে সর্বজনীন মানবিক মর্যাদা, মানবাধিকার, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধা; কোনো ব্যক্তির ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক মতাদর্শ বা সাংস্কৃতিক পরিচয় নয়।

জনসংখ্যা, উন্নয়ন ও বৈষম্যের মধ্যে সম্পর্ক কী

কীভাবে মূল্যায়ন করা যেতে পারে?

ব্যক্তি ও পরিবারের ক্ষেত্রে গত ছয় মাসের আচরণের ভিত্তিতে একটি আত্মমূল্যায়ন তালিকা ব্যবহার করা যেতে পারে। যেমন ব্যক্তিগত লাভের সুযোগ থাকা সত্ত্বেও অন্যায় থেকে বিরত থাকা, অধস্তন কর্মীদের সম্মান করা, নিজের ভুল স্বীকার করা এবং অন্যের বিপদে সহযোগিতা করা। প্রতিটি আচরণের মাত্রা এক থেকে পাঁচ পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে, যেখানে এক অর্থ কখনোই নয় এবং পাঁচ অর্থ প্রায় সব সময়। এর উদ্দেশ্য কাউকে ভালো বা খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করা নয়; বরং আত্মসমালোচনা ও আত্ম-উন্নয়নের সুযোগ তৈরি করা।

সন্তানের ক্ষেত্রে অভিভাবকেরা দুই থেকে চার সপ্তাহ আচরণ পর্যবেক্ষণ করে বয়সোপযোগী মূল্যায়ন করতে পারেন। রাগ হলে নিজেকে সামলানো, ভুল করলে সত্য স্বীকার করা, গৃহকর্মী বা পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে সম্মানজনক আচরণ এবং অন্যের সঙ্গে খাবার বা খেলনা ভাগ করে নেওয়া তার মানবিক বিকাশের নির্দেশক হতে পারে। প্রতি তিন মাসে মূল্যায়ন করলে অগ্রগতি ও সহযোগিতার প্রয়োজনীয় ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব।

উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য শুধু মানুষের জীবনমানের উন্নতি নয়, বরং এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে প্রত্যেকে অন্যের মর্যাদা, অধিকার ও কল্যাণের প্রতি শ্রদ্ধাশীল। উন্নয়ন কতটা মানবিক, তার উত্তর খুঁজতে হলে তাই মানুষের অর্জনের পাশাপাশি তাঁর আচরণ ও অন্যের প্রতি দায়িত্ববোধও পরিমাপ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে চার থেকে ছয় সপ্তাহ শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও দলগত কাজে শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করা যেতে পারে। সহপাঠীকে হয়রানি বা ভয় দেখানো, অন্যের প্রতি সম্মান, দলগত কাজে ন্যায্যতা, দায়িত্ব পালন, ভিন্নমত গ্রহণ এবং বিপদে সহযোগিতা মূল্যায়নের অন্তর্ভুক্ত হতে পারে। এর ভিত্তিতে শিক্ষকেরা গল্প, দলগত কাজ, সামাজিক সেবা ও নৈতিক দ্বিধা নিয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে সহায়তা করতে পারবেন।

কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও পেশাগত দক্ষতার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সততা, ন্যায়পরায়ণতা, জবাবদিহি এবং নাগরিক ও সহকর্মীদের সঙ্গে আচরণ মূল্যায়ন করা প্রয়োজন। সরকারি প্রতিষ্ঠানে অভিযোগ নিষ্পত্তি, বৈষম্যহীন সেবা, হয়রানির অভিজ্ঞতা ও সেবাগ্রহীতার প্রতি সম্মানজনক আচরণ গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের মর্যাদা, শ্রমিকের অধিকার, গ্রাহকের স্বার্থ ও সামাজিক দায়বদ্ধতা বিবেচনায় নিতে হবে। শুধু ব্যক্তির আচরণ নয়, প্রতিষ্ঠান কতটা মানবিক কর্মপরিবেশ তৈরি করছে, সেটিও মূল্যায়ন করা জরুরি।

আমরা কি ৫৫ বছর ধরে ক্লাস ওয়ানেই আটকে আছি‘ডু নাথিং’ সংস্কৃতি ভাঙতে হবে এখনই

জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে প্রয়োগ

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও বড় বেসরকারি প্রতিষ্ঠানে বার্ষিক ‘মনুষ্যত্ব বিকাশ প্রতিবেদন’ চালু করা যেতে পারে। এতে মানবিক চর্চা, অগ্রগতি, ঘাটতি ও উন্নয়নের উদ্যোগ তুলে ধরা হবে। এসব প্রতিবেদন, নাগরিক জরিপ, সেবাগ্রহীতার অভিজ্ঞতা এবং স্বাধীন মূল্যায়নের ভিত্তিতে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত মনুষ্যত্ব সূচক প্রকাশ করা সম্ভব।

তবে সূচক তৈরির আগে নির্বাচিত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষামূলক প্রয়োগ প্রয়োজন। এতে নির্দেশকগুলোর গ্রহণযোগ্যতা, তথ্য সংগ্রহের বাস্তবতা ও মূল্যায়নের নির্ভরযোগ্যতা যাচাই করা যাবে। বিভিন্ন উৎসের তথ্য মিলিয়ে দেখতে হবে এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশু ও কর্মীদের মূল্যায়ন যেন শাস্তি, বৈষম্য বা অপমানের হাতিয়ার না হয়। মূল্যায়নের উদ্দেশ্য হবে উন্নয়ন, নিয়ন্ত্রণ নয়।

আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউনেসকো ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় অভিন্ন সংজ্ঞা ও নির্দেশকের ভিত্তিতে একটি বৈশ্বিক মনুষ্যত্ব সূচক গড়ে তোলার আলোচনা শুরু করা যেতে পারে। হিউম্যানিটি সামিট ও হিউম্যানিটি প্যাক্ট অ্যালায়েন্সের চলমান উদ্যোগ এ ক্ষেত্রে একটি প্রাসঙ্গিক আন্তর্জাতিক অভিজ্ঞতা হতে পারে। তবে বিভিন্ন দেশ ও সংস্কৃতির বাস্তবতা বিবেচনায় রেখে এর ভিত্তি হতে হবে সর্বজনীন মানবিক মর্যাদা, মানবাধিকার, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধা।

উন্নয়নের প্রকৃত সাফল্য শুধু মানুষ কতটা শিক্ষিত, সুস্থ, সম্পদশালী বা ক্ষমতাবান হয়েছেন, তা দিয়ে নির্ধারিত হতে পারে না। এসব অর্জন তিনি কতটা মানবিক, ন্যায়সংগত ও দায়িত্বশীলভাবে ব্যবহার করছেন, সেটিও উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হওয়া উচিত। কারণ, উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য শুধু মানুষের জীবনমানের উন্নতি নয়, বরং এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে প্রত্যেকে অন্যের মর্যাদা, অধিকার ও কল্যাণের প্রতি শ্রদ্ধাশীল। উন্নয়ন কতটা মানবিক, তার উত্তর খুঁজতে হলে তাই মানুষের অর্জনের পাশাপাশি তাঁর আচরণ ও অন্যের প্রতি দায়িত্ববোধও পরিমাপ করতে হবে।

  • ড. সৈয়দ আব্দুল হামিদ অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

*মতামত লেখকের নিজস্ব

Read full story at source